আইসিসি ক্রিকেট সরাসরি সম্প্রচার করবে ফেসবুক
আগামী চার বছরের জন্য উপমহাদেশে ক্রিকেট সম্প্রচারের ডিজিটাল স্বত্বও পেয়েছে ফেসবুক। আগামী ২০২৩ সাল পর্যন্ত আইসিসির যত ইভেন্ট হবে তার সবই দেখা যাবে ফেসবুকে। খেলা সরাসরি সম্প্রচারের পাশাপাশি, ক্রিকেট নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছ।
চুক্তি অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত আইসিসি আয়োজিত টুর্নামেন্টগুলো সম্প্রচার করবে এই সোশ্যাল মিডিয়া মোঘল। এ সময়ে উপমহাদেশের বাইরে ম্যাচগুলো পুনঃপ্রচার করতে পারবে।
চুক্তিসইয়ের পর আইসিসির চিফ এক্সিকিউটিভ মনু সনি এক অফিশিয়াল বার্তায় জানান, গ্লোবাল ক্রিকেট পরিবারে এত বছরের জন্য ফেসবুককে আহ্বান জানাতে পেরে আমরা খুশি। মাল্টি মার্কেট পার্টনারশিপ যেটা আমাদের খেলার জন্য এই প্রথম। বিশ্বের সব থেকে বেশি দেখা খেলা এবং বিশ্বের সব থেকে বড় মঞ্চ যুক্ত হওয়ার ক্রিকেটে এখন বিশ্বব্যাপী ছড়িয়ে যেতে পারবে খুব দ্রুত।
আগামী চার বছরে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০২০ ও ২০২১), একটি ওয়ানডে বিশ্বকাপ (২০২৩), ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ফাইনাল (২০২১ ও ২০২৩) আয়োজন করবে আইসিসি। এ ছাড়া মেয়েদের দুটি টি-২০ বিশ্বকাপও হবে ওই সময়ের মধ্যে।
প্রসঙ্গত, গত বছর ভারতীয় উপমহাদেশে লালিগার স্বত্ব কিনেছে ফেসবুক। এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্যও চেষ্টা চালায় ফেসবুক। কিন্তু নিলামে স্টার স্পোর্টসের কাছে হেরে যায়। স্টারের কাছে হারলেও শেষ পর্যন্ত আইসিসি'র হাত ধরেই ক্রিকেটে প্রবেশ করল ফেসবুক। আজ বৃহস্পতিবার ফেসবুকের সঙ্গে চুক্তিসই করে আইসিসি।